
কলকাতা, ৪ জুলাই (হি. স.) : কলকাতায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে সংবর্ধনা জানাল রাজস্থান ফোরামের কলকাতা শাখা। অনুষ্ঠানে ফোরামের প্রতিষ্ঠাতা সন্দীপ ভুতোরিয়া এবং সহ-প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট শিল্পপতি হরি মোহন বাঙ্গুর যৌথভাবে ওম বিড়লার হাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি'-র একটি বিরল হস্তলিখিত পাণ্ডুলিপি তুলে দেন। এদিনের অনুষ্ঠানে কলকাতার আরও একাধিক সংগঠনও লোকসভার অধ্যক্ষকে আন্তরিক সংবর্ধনা জ্ঞাপন করে।
প্রসঙ্গত, রাজস্থানের সমৃদ্ধ সাংস্কৃতিক, সাহিত্যিক ও শিল্পঐতিহ্যকে উদ্যাপন এবং প্রসারের লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে রাজস্থান ফোরাম। কলকাতার বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী সন্দীপ ভুতোরিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনটি রাজস্থানের লোকশিল্প, লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তার পরিচিতি বাড়ানোর লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করে থাকে।
প্রশাসনিক কার্যকলাপের পরিবর্তে সাংস্কৃতিক সম্পৃক্ততার মাধ্যমে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। সাহিত্যসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেশের বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে রাজস্থানের ঐতিহ্যকে সমকালীন প্রেক্ষাপটে নতুন পরিচিতি দেওয়ার চেষ্টা করা হয়। এর পাশাপাশি, রাজস্থানের সঙ্গে দেশের অন্যান্য রাজ্যের, বিশেষত পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করাও এই ফোরামের অন্যতম প্রধান উদ্দেশ্য। বর্তমানে রাজস্থান ফোরামের সভাপতির দায়িত্বে রয়েছেন দেশের অন্যতম প্রথিতযশা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত বিশ্বমোহন ভট্ট।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত