
শিলিগুড়ি, ৪ জুলাই (হি.স.): শিলিগুড়ি শহরের অন্যতম ব্যস্ত এলাকা বিধান রোডের দীর্ঘদিনের যানজট সমস্যা মেটাতে বড় পদক্ষেপ করল প্রশাসন। এই উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে একটি আধুনিক পার্কিং জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
এই পরিদর্শনকালে মন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক , ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিক এবং শিলিগুড়ি পুরনিগমের কমিশনার। পরিদর্শন চলাকালীন পার্কিং জোনের পরিকাঠামো, যানবাহনের প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা, নিরাপত্তা এবং পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, এই পার্কিং জোনটি চালু হলে এখানে একসঙ্গে শত শত দু’চাকা ও চার চাকার গাড়ি পার্ক করা যাবে। পুরনিগম নির্ধারিত নির্দিষ্ট ফির বিনিময়ে সাধারণ মানুষ নিরাপদে তাঁদের যানবাহন রাখতে পারবেন। এর ফলে বিধান রোডের ধারে যেখানে-সেখানে গাড়ি পার্কিং করার প্রবণতা অনেকটাই কমবে।
উল্লেখ্য, শিলিগুড়ির বিধান মার্কেট ও হংকং মার্কেটে প্রতিদিন দার্জিলিং, কালিম্পং সহ বিভিন্ন পাহাড়ি এলাকা এবং সিকিম থেকে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসেন। পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা না থাকায় দীর্ঘ দিন ধরে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছিল। একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল স্থানীয় ব্যবসায়ীদেরও। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে এই আধুনিক পার্কিং জোনটি তৈরি হলে সাধারণ নাগরিক ও ব্যবসায়ী—উভয় পক্ষই বড়সড় স্বস্তি পাবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি