
কলকাতা, ৪ জুলাই (হি. স. ) : পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হল প্রবীণ আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালাকে।
পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেই পূর্বতন তৃণমূলের সরকারের 'দুর্নীতি' ফাইল এক এক করে খুলতে শুরু করেছে বিজেপি। এদিকে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে গত কয়েক বছরে বহুবার তোলপাড় হয়েছে বাংলা। রাজ্যের তৎকালীন প্রভাবশালী একাধিক নেতা-মন্ত্রী জেলে গিয়েছেন। দায়িত্বে এসেই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, 'অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যখন শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়, তখনই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনও কমিটিতেই কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর। সেই লক্ষ্য পূরণে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি।
পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ আইএএস আধিকারিক শ্রী দুষ্মন্ত নারিয়ালাকে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হল।'
সম্প্রতি বাজেটেও তার ঝলক দেখা গেছে। রাজ্যের সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই বড় পদক্ষেপ করল রাজ্য সরকার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত