
রানাঘাট, ৪ জুলাই (হি. স.):-অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র বাতিল হওয়ার অভিযোগকে কেন্দ্র করে শনিবার রানাঘাট ১ নম্বর ব্লক বিডিও অফিসে বিক্ষোভ দেখান একাধিক উপভোক্তা। সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ আবেদনকারীরা বিডিও অফিসে গিয়ে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।অভিযোগকারী এক মহিলা জানান, তিনি গত ২৯ জুন অনলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। নিয়ম অনুযায়ী ১ জুলাই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা পড়ার কথা থাকলেও তা হয়নি। পরে ৩ জুলাই রাতে অনলাইনে আবেদনের স্থিতি পরীক্ষা করে তিনি জানতে পারেন, তাঁর আবেদনটি 'রিজেক্ট' হয়েছে। একই ধরনের অভিযোগ করেন আরও কয়েকজন আবেদনকারী। তাঁদের দাবি, কোনও কারণ না জানিয়েই আবেদন বাতিল করা হয়েছে।রানাঘাট ১ নম্বর ব্লকের বিরোধী দলনেত্রী তাপসী বিশ্বাস জানান, আবেদন বাতিলের অভিযোগ পেয়ে তিনি ভুক্তভোগীদের সঙ্গে বিডিও অফিসে যান। সেখানে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা হলে তাঁরা আশ্বাস দেন, যাঁদের মোবাইলে আবেদন বাতিলের বার্তা এসেছে, সেই বার্তা দেখালে আবেদনপত্রের ত্রুটি সংশোধন করে পুনরায় জমা নেওয়া হবে।প্রশাসনের এই আশ্বাসে আবেদনকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। দ্রুত সমস্যার সমাধান হবে এবং যোগ্য উপভোক্তারা সরকারি প্রকল্পের সুবিধা পাবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়