মদন মিত্র এবং কুণাল ঘোষকে তৃণমূলের বড় দায়িত্ব মমতার
কলকাতা, ৪ জুলাই (হি.স.): মদন মিত্র এবং কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক ভিডিয়োবার্তায় মমতা জানান, দলের রাজ্য সভানেত্রীর দায়িত্বও তাঁর হাতেই থাকবে। মদন এবং কুণাল উভয়েই অতীতে ত
মদন মিত্র এবং কুণাল ঘোষকে তৃণমূলের বড় দায়িত্ব মমতার


কলকাতা, ৪ জুলাই (হি.স.): মদন মিত্র এবং কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক ভিডিয়োবার্তায় মমতা জানান, দলের রাজ্য সভানেত্রীর দায়িত্বও তাঁর হাতেই থাকবে।

মদন এবং কুণাল উভয়েই অতীতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। ২০০০ সালে মমতা দলের সাধারণ সম্পাদক করেছিলেন মদনকে। দল ক্ষমতাসীন থাকাকালে রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন কুণালও। তবে এখন পরিস্থিতি ভিন্ন। আগে মমতার সঙ্গে যে ‘ভিড়’ থাকত, তা এখন দৃশ্যত নেই। একের পর এক নেতা ‘বিদ্রোহী’ হয়ে কালীঘাট শিবির ছাড়ছেন। এ অবস্থায় ফের মদন এবং কুণালের উপরেই ভরসা রাখলেন মমতা।

দল তৈরির আগে থেকেই মদন ছিলেন প্রায় তাঁর ছায়াসঙ্গী। ছিলেন সুব্রত বক্সীও। তাঁর কথাও এ দিন উল্লেখ করেন মমতা। পুরনো তৃণমূল কর্মীদের কথায়, “১৯৯৮ সালে ছিল গড়ে তোলার চ্যালেঞ্জ। আর আজ ভাঙা হাট। পরিস্থিতি অনেকটাই আলাদা।’’

পরিস্থিতি যে আলাদা, তা মানছেন মদনও। মমতা তাঁর নতুন দায়িত্বের কথা ঘোষণা করার পরে মদন বলেন, “যে ভাবেই আসুক, যে রূপেই আসুক, দায়িত্ব কথাটার অর্থ একটাই রেসপন্সিবিলিটি। খারাপ দিনেও আসতে পারে, ভাল দিনেও আসতে পারে। ভাল দিনে আসলে জাপটে ধরব, খারাপ দিনে আসলে দূরে ঠেলে দেব— এটা ঠিক নয়। তবে এই মুহূর্তে দায়িত্ব পালন করা খুবই শক্তের। মানুষের উপরে নির্ভর করা ছাড়া আর কোন পথ নেই। মানুষ সবটাই দেখছে।”

পুরনো সঙ্গীদের হাতে গোনা কয়েকজন আজ রয়েছেন মমতার সঙ্গে। ভিডিয়ো বার্তায় পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি ঘোষণা করেন, ২১ জুলাইয়ের অনুষ্ঠান রিকশায় দাঁড়িয়ে হলেও, হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande