
শিলিগুড়ি, ৪ জুলাই (হি.স.): শিলিগুড়ি মহকুমা প্রাইমারি স্কুল কাউন্সিলে ১ কোটি ১৭ লক্ষ টাকা তছরুপের মামলায় তদন্তের গতি বাড়াল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম প্রতিমা সরকার, তিনি সাহুডাঙ্গি এলাকার বাসিন্দা।
তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গেছে, প্রতিমা সরকারের ব্যাংক অ্যাকাউন্টে ৫৩ লক্ষ ৪৭ হাজার ৭০০ টাকার লেনদেনের অকাট্য প্রমাণ মিলেছে। এর ফলেই এই কেলেঙ্কারিতে তাঁর সরাসরি জড়িত থাকার সন্দেহ আরও জোরালো হয়েছে।
পুলিশ সূত্রের খবর, এই পুরো চক্রের মূল অভিযুক্ত হলেন পেনশন ক্লার্ক রঞ্জন দত্ত, যিনি বর্তমানে পলাতক। গ্রেফতার হওয়া প্রতিমা সরকার রঞ্জন দত্তের বাড়ির পরিচারিকা বলে জানা গেছে। এর আগে পুলিশ এই মামলায় রঞ্জনের ঘনিষ্ঠ আলপনা সাহাকে গ্রেফতার করেছিল। শনিবার আলপনা সাহার চার দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে এবং নতুন ধৃত প্রতিমা সরকারকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, গত মাসের ৬ তারিখে তৎকালীন প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান দিলীপ রায় শিলিগুড়ি থানায় চেক জালিয়াতির মাধ্যমে ১.১৭ কোটি টাকা আত্মসাতের একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগে মূল অভিযুক্ত হিসেবে রঞ্জন দত্তের নাম সামনে আসে। মামলা দায়ের হওয়ার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছেন। তবে তদন্ত চলাকালীন মূল অভিযুক্তের ঘনিষ্ঠদের ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের হদিস মেলায় এই মামলায় এক নতুন মোড় এসেছে। পুলিশ এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্তের সন্ধান চালাচ্ছে এবং এই আর্থিক জালিয়াতির নেটওয়ার্ক কতটা গভীরে ছড়িয়ে রয়েছে, তাও খতিয়ে দেখছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি