
বাঁকুড়া, ৪ জুলাই (হি.স.) : দুর্নীতির অভিযোগ, আর্থিক হিসাব প্রকাশ এবং নতুন পরিচালন কমিটি গঠনের দাবিতে শনিবার বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভেদুয়াশোলে বিক্ষোভে সামিল হন শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা। পরে তাঁরা বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। শেষ পর্যন্ত বিডিও-র আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়।
জানা গিয়েছে, ভেদুয়াশোলের ‘দিশারী সংঘ’-এর অধীনে প্রায় ৩০০টি স্বনির্ভর গোষ্ঠীর দুই থেকে তিন হাজার মহিলা যুক্ত রয়েছেন। আন্দোলনকারী ঝর্না কর, প্রভাতী বিশ্বাস, তনুশ্রী মহান্তি ও অতসী ব্যানার্জির অভিযোগ, গোষ্ঠীর সদস্যদের জমা টাকা, সুদ ও সরকারি অনুদানের হিসাব দীর্ঘদিন ধরে প্রকাশ করা হয়নি। পাশাপাশি বহু বছর ধরে পরিচালন কমিটির নির্বাচনও হয়নি।
তাঁদের দাবি, এই অভিযোগ নিয়ে এর আগেও পঞ্চায়েত ও প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সময় ভয়ের পরিবেশ থাকায় আন্দোলনে নামতে পারেননি। বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হওয়ায় প্রায় ১০০টি স্বনির্ভর গোষ্ঠীর কয়েকশো মহিলা সদস্য এদিন প্রতিবাদে শামিল হন।
প্রথমে ভেদুয়াশোল গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পর আন্দোলনকারীরা বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক অবরোধ করেন। এর ফলে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়েন।
খবর পেয়ে ইন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করে। তবে প্রথমে আন্দোলনকারীরা অবরোধ তুলতে রাজি হননি। পরে ইন্দপুরের বিডিও ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট