
আরামবাগ , ৪ জুলাই (হি.স.): মা ভারতী সম্মেলনের আগে নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখলেন এসডিপিও ও আইসি
আরামবাগ, রবিবার , ৫ জুলাই আরামবাগ হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত মা ভারতী সম্মেলন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কার্তিক মহারাজ। অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে কড়া প্রস্তুতি।
সেই প্রস্তুতির অংশ হিসেবেই শনিবার অনুষ্ঠানস্থল পরিদর্শনে আসেন আরামবাগ মহকুমার নবনিযুক্ত এসডিপিও সন্দীপ নন্দী এবং আরামবাগ থানার আইসি সুমিত তালুকদার। তাঁরা অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের পথ, যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কারণে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি যানজট এড়াতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও করা হবে।
আয়োজকরাও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করছেন। রবিবারের এই সম্মেলনকে কেন্দ্র করে আরামবাগ জুড়ে ইতিমধ্যেই উৎসাহের আবহ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA