
তারকেশ্বর , ৪ জুলাই (হি.স.): তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে প্রস্তুতি জোরকদমে, একাধিক সেবা শিবির ও সহায়তা কেন্দ্রের ঘোষণা
শ্রাবণী মেলাকে সামনে রেখে শেওড়াফুলি থেকে তারকেশ্বরের বাবা তারকনাথের ধাম পর্যন্ত ভক্তদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান।
শনিবার সাংবাদিকদের সামনাসামনি হয়ে তিনি জানান, শেওড়াফুলি থেকে তারকনাথ মন্দির পর্যন্ত মোট ৪টি সেবা শিবির এবং ১৬টি সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে। এই সহায়তা কেন্দ্রগুলিতে থাকবে মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা, পানীয় জলসহ ভক্তদের জন্য প্রয়োজনীয় যাবতীয় সুযোগ-সুবিধা। এছাড়াও একটি বড় কন্ট্রোল রুম তৈরি করা হবে, যেখান থেকে পুরো যাত্রাপথের উপর নজরদারি চালানো হবে।
বিধায়ক আরও জানান, পিডব্লিউডি এবং কেএমডিএ-র উদ্যোগে যাত্রাপথের রাস্তার সৌন্দর্যায়নের পাশাপাশি শেওড়াফুলি এলাকার বিভিন্ন ঘাটের সংস্কার ও মেরামতির কাজও চলছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত যেসব বিধানসভা এলাকা পড়বে, সেখানকার প্রতিটি বিধায়ক নিজ নিজ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন, যাতে জলযাত্রীরা নিরাপদে ও নির্বিঘ্নে তারকনাথের ধামে পৌঁছাতে পারেন।
এদিন বিধায়ক সন্তু পান জানান, আগামী ১৫ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সরেজমিনে পুরো প্রস্তুতি পরিদর্শনে আসবেন বলেও জানানো হয়েছে।
এবারের শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ ভক্তের সমাগমের কথা মাথায় রেখে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে নিরাপত্তা ও পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA