
কলকাতা, ৫ জুলাই (হি. স.) : কলকাতার আশুতোষ জন্মশতবার্ষিকী অডিটোরিয়ামে নীলাচক্র পশ্চিমবঙ্গের উদ্যোগে পালিত হল ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী। রবিবারের অনুষ্ঠানে তাঁর জীবন, কর্ম ও জাতীয় চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এদিন বক্তাদের বক্তব্যে উঠে আসে, স্বাধীনতা-উত্তর ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিসরে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন এক দৃঢ়চেতা ব্যক্তিত্ব। দেশের অখণ্ডতা, জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক চেতনার প্রশ্নে তিনি আপসহীন অবস্থান গ্রহণ করেছিলেন। হিন্দু হোমল্যান্ডের ধারণার অন্যতম প্রবক্তা হিসেবে দেশের স্বার্থ, ঐতিহ্য ও সভ্যতার রক্ষায় তিনি আজীবন নিরলস সংগ্রাম করেছেন বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি শিক্ষাবিদ, সমাজচিন্তক ও রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর বহুমাত্রিক অবদানের কথাও স্মরণ করা হয়, যা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। বক্তারা বলেন, তাঁর আদর্শ ও দর্শন শক্তিশালী, আত্মনির্ভর এবং ঐক্যবদ্ধ ভারত গঠনের প্রেরণা জোগায়। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শকে সমাজের বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত