চণ্ডীগড়ে ৫৪ বছরের পুরনো দোতলা বাণিজ্যিক ভবন ধসে মৃত ২, আহত ৫
চণ্ডীগড়, ৫ জুলাই (হি.স.) : চণ্ডীগড়ের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফেজ-২-এ শনিবার সন্ধ্যায় প্রায় ৫৪ বছরের পুরনো একটি দোতলা বাণিজ্যিক ভবন আচমকাই ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে দু''জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর
চণ্ডীগড়ে ৫৪ বছরের পুরনো দোতলা বাণিজ্যিক ভবন ধসে মৃত ২, আহত ৫


চণ্ডীগড়, ৫ জুলাই (হি.স.) : চণ্ডীগড়ের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফেজ-২-এ শনিবার সন্ধ্যায় প্রায় ৫৪ বছরের পুরনো একটি দোতলা বাণিজ্যিক ভবন আচমকাই ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে দু'জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং চণ্ডীগড় প্রশাসনের যৌথ উদ্যোগে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলে। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করবে এস্টেট অফিস ও ফরেন্সিক বিশেষজ্ঞদের দল। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে শহরের পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলির সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এমপিএস চাওলার বক্তব্য, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার প্লট নম্বর ২৮/৯-এ অবস্থিত ওই ভবনটি ১৯৭২ সালে নির্মিত হয়েছিল। সেখানে স্ক্র্যাপের ব্যবসা চলত। দীর্ঘদিনের জীর্ণ অবস্থার পাশাপাশি গত দু'দিনের টানা বৃষ্টিতে ভবনের ভিতরে স্যাঁতসেঁতে ভাব তৈরি হওয়ায় ছাদ ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

চণ্ডীগড়ের মেয়র সৌরভ জোশী জানান, দুর্ঘটনার সময় ভবনের ভিতরে ছয় থেকে সাতজন ছিলেন। প্রথমে চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে আরও কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়। মৃতদের পরিচয় উত্তর প্রদেশের মেরঠের বাসিন্দা তরুণ জৈন (৪৫) এবং তরুণ কৌশিশ (৪৮) হিসেবে জানা গিয়েছে। আহত কুলদীপ সিং, কুলবীর সিং, উমেশ, রাহুল ও অজিত হাসপাতালে চিকিৎসাধীন।

এনডিআরএফ-এর কমান্ডার দীপক সিং জানান, উদ্ধার অভিযানের শেষ পর্যায়ে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা দু'জনকে বের করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধার অভিযানের পুরো সময় জেলা প্রশাসনের চিকিৎসক দল ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande