
আরামবাগ , ৫ জুলাই (হি.স.): ডিউটি চলাকালীন লরির ধাক্কায় প্রাণ হারালেন এক সিভিক ভলেন্টিয়ার। শনিবার গভীর রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে আরামবাগের জয়রামপুর এলাকায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম উৎপল সিং (৩২)। তাঁর বাড়ি আরামবাগের আরান্ডি-২ গ্রাম পঞ্চায়েতের বহুখেদাইল গ্রামে।
জানা গিয়েছে, জয়রামপুর এলাকায় কালীপুজো উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিন থেকে চারজন সিভিক ভলেন্টিয়ার। সেই সময় আরামবাগ থেকে তারকেশ্বরগামী একটি লরি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উৎপল সিংকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় তিনি গুরুতর জখম হন।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন উৎপল সিংয়ের পরিবারের সদস্যরা। প্রিয়জনকে হারিয়ে তাঁদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর।
অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আরামবাগের এসডিপিও সন্দীপ নন্দী এবং আইসি সুরজিৎ চন্দ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক লরি ও তার চালককে আটক করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA