
পুরুলিয়া, ৫ জুলাই (হি.স.): পুরুলিয়ার মানবাজারে রবিবার সকালে একটি বাসের ভেতর থেকে এক খালাসির দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম সন্তু মাহাতো, বাড়ি স্থানীয় কুড়ুকতোপা গ্রামে। তিনি মানবাজার-পুরুলিয়া রুটের একটি বাসের খালাসি ছিলেন।
এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতে কাজ শেষে বাস পরিষ্কার করে সেটির ভেতরেই ঘুমিয়েছিলেন সন্তু| রবিবার সকালে বাসের চালক অজিত মাঝি তাঁকে ডাকতে গিয়ে দেখেন সন্তু অচেতন অবস্থায় পড়ে আছেন| স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মানবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এটি স্বাভাবিক মৃত্যু, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ