
রানাঘাট, ৫ জুলাই (হি. স.): রানাঘাটে দীর্ঘদিন ধরে জমি দখল, বাড়িঘর ভাঙচুর এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ স্থানীয়দের| সেইসব ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় স্মারকলিপি (ডেপুটেশন) জমা দিলেন এলাকার বাসিন্দাদের একাংশ। রবিবার তাঁরা রানাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের (আইসি) কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।বিক্ষোভকারীদের অভিযোগ, গত প্রায় ১৫ বছর ধরে এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলেছে। তাঁদের অভিযোগের তির রানাঘাটের প্রাক্তন উপ-পৌরপ্রধান তথা তৃণমূল নেতা আনন্দ দে, মনোজ ঘোষ এবং আরও কয়েকজনের বিরুদ্ধে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।ডেপুটেশনের সময় পিয়ালি বিশ্বাস অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার জমি ও সম্পত্তি দখল এবং বিক্রির পাশাপাশি সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানো হয়েছে। তিনি আরও দাবি করেন, খুন-সহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ থাকলেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।বাসিন্দাদের বক্তব্য, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হোক। তাঁরা জানান, ন্যায়বিচারের দাবিতে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন। তবে অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়