
দক্ষিণ ২৪ পরগনা, ৫ জুলাই (হি.স.): নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন স্থানে চলছে বৃষ্টি। এরই মধ্যে সমুদ্রের চরে আটকে পড়া একটি ট্রলার থেকে সাত মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। রবিবার স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার তাঁদের ট্রলার-সহ ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হয়। রবিবার জেলা জুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় উত্তাল নদী ও সমুদ্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ‘এফবি মা কালী’ ট্রলারটি মাঝসমুদ্র থেকে ফেরার পথে ফ্রেজারগঞ্জের লাটিমের চরের কাছে প্রবল ঢেউয়ের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়। প্রাণ বাঁচাতে ৭ মৎস্যজীবী চরে উঠে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর ট্রলার-সহ সকলকে নিরাপদে বন্দরে ফিরিয়ে আনা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ