
গাইঘাটা, ৫ জুলাই (হি. স.):-সুটিয়ার নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের মৃত্যুদিনে রবিবার তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। এদিন তাঁর পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা বরুণ বিশ্বাস হত্যা মামলার পুনর্তদন্তের দাবি জানান।স্থানীয় সূত্রে জানা যায়, গাইঘাটার সুটিয়া এলাকায় ধারাবাহিক নারী নির্যাতন, ধর্ষণ এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস। পাশাপাশি অবৈধ দখল ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন অভিযোগও তিনি প্রশাসনের নজরে আনেন। ২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন এলাকায় বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।এই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল এবং মামলার তদন্তে সিআইডি-ও যুক্ত হয়। তবে বরুণ বিশ্বাসের দিদি প্রমিলা বিশ্বাসের অভিযোগ, হত্যাকাণ্ডের প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দীর্ঘদিন ধরেই এই মামলায় তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আসছেন।পরিবারের দাবি, দীর্ঘ ১৪ বছরেও পূর্ণ বিচার না মেলায় মামলার ফাইল পুনরায় খুলে নিরপেক্ষ তদন্ত করা হোক। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়