
দুর্গাপুর, ৫ জুলাই (হি.স.) : কাঁকসার পানাগড় গ্রামীণ হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে একই সঙ্গে দুটি কাজের বেতন তোলাসহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানাল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। সংগঠনের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
বিএমএস-এর অভিযোগ, হাসপাতালের কর্মী সোমনাথ চট্টোপাধ্যায় ওরফে 'কেস্ট' দীর্ঘদিন ধরে গার্বেজ ক্লিনিং সুপারভাইজার এবং ১০২ অ্যাম্বুল্যান্সের চালক—এই দুই দায়িত্বের জন্য পৃথকভাবে বেতন পেয়ে আসছেন। সংগঠনের আরও অভিযোগ, পূর্বে স্থানীয় রাজনৈতিক প্রভাবের কারণে বিষয়টি নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত অনিয়মের সঙ্গেও ওই কর্মীর যোগ থাকতে পারে। যদিও এই অভিযোগের স্বপক্ষে কোনও সরকারি তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে কাঁকসা এলাকায় মৃত্যু শংসাপত্র জালিয়াতি মামলায় তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে ছিলেন চঞ্চল্য সমাদ্দার, শঙ্কর ভৌমিক এবং বাসুদেব চট্টোপাধ্যায়। বাসুদেব চট্টোপাধ্যায় একসময় কাঁকসা ব্লক হাসপাতালে ক্যান্টিন পরিচালনা করতেন। সেই ঘটনাকে সামনে এনে বিএমএস-এর দাবি, ওই মামলারও পুনর্তদন্ত হওয়া প্রয়োজন এবং প্রকৃত দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক।
বিএমএস নেতা জয়দেব পাঁজা বলেন, মৃত্যু শংসাপত্র জালিয়াতি মামলার পুনর্তদন্তের দাবি জানিয়েছি। ওই চক্রের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি হাসপাতালে একই ব্যক্তির একাধিক পদে বেতন তোলার অভিযোগও তদন্ত করে দেখা প্রয়োজন।
অভিযোগ প্রসঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা সম্পর্কে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা