
আরামবাগ , ০৫জুলাই (হি.স.): খানাকুলের ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য ও শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তুলতে আরও এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হলো। জেলা পরিষদের তহবিল থেকে মারোখানা, জগৎপুর ও ধান্যগরী—এই তিনটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।
বিদ্যালয়গুলিতে ট্যাপ-সংযুক্ত বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে, যাতে পড়ুয়ারা সারা বছর নিরাপদ ও ঠান্ডা পানীয় জল সহজেই পেতে পারে। এই উদ্যোগে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে।
রবিবার খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ জানান, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করাই তাঁদের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই জেলা পরিষদের সহযোগিতায় বিদ্যালয়গুলিতে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি আরও বলেন, ধাপে ধাপে খানাকুল বিধানসভার অধিকাংশ স্কুলেই বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে না, বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA