
শিলিগুড়ি, ৫ জুলাই (হি. স.): শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার থেকে পুলিশ কমিশনারেট এলাকায় আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ট্রাফিক মার্শাল পরিষেবা। প্রথম পর্যায়ে পাঁচটি ট্রাফিক মার্শাল বাইক পরিষেবার উদ্বোধন করা হয়েছে, যা শহরের ব্যস্ত রাস্তায় দ্রুত পৌঁছে ট্রাফিক নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছে পুলিশ।শিলিগুড়ির মল্লাগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা এবং পুলিশ কমিশনারেটের অন্যান্য আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাফিক মার্শাল বাইকগুলিতে প্রশিক্ষিত পুলিশকর্মীরা দায়িত্ব পালন করবেন। যানজটের খবর পেলেই তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করবেন। পাশাপাশি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে প্রাথমিক সহায়তা প্রদান, জরুরি পরিষেবার জন্য রাস্তা ফাঁকা রাখা এবং ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নেও এই বাহিনী সক্রিয় থাকবে।পুলিশ প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে শিলিগুড়ির ব্যস্ত এলাকাগুলিতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে এবং নাগরিকদের ভোগান্তি কমবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ট্রাফিক মার্শাল বাইকের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়