
দক্ষিণ ২৪ পরগনা, ৫ জুলাই (হি.স.): বারুইপুরে এক নাবালিকাকে খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা নাবালিকার দেহ রাস্তায় রেখে পথ অবরোধ করেন। উল্লেখ্য, শনিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর রবিবার বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ। এই ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
রবিবার স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বারুইপুর থানা এলাকার ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর তা আটকে রেখে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিন মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ওই নাবালিকা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। খাবার কেনার জন্য বাড়ি থেকে বের হয় সে। তারপর আর ফিরে আসেনি। অভিযোগ, চার যুবক তাকে তুলে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ