
নৈহাটি, ৫ জুলাই (হি. স.):নৈহাটির শতাব্দীপ্রাচীন বড় মা কালী মন্দির কমিটি ভেঙে দেওয়ার পর প্রাক্তন সম্পাদক তাপস ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।সম্প্রতি নৈহাটি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় মন্দিরের পরিচালন সমিতি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই মন্দিরের অর্থ, দানসামগ্রী, সম্পত্তি এবং কমিটির কেনা জমি সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে।এই প্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস ভট্টাচার্য বলেন, মন্দির পরিচালনার ক্ষেত্রে কোনও ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হয়নি। তাঁর দাবি, মন্দিরের আয়-ব্যয়, দানসামগ্রী, জমি ক্রয়-সহ প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় নথি ও হিসাব সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে তা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, অভিযোগগুলির পক্ষে কোনও বাস্তব তথ্য নেই এবং সেগুলি সম্পূর্ণ মিথ্যা।যদিও অভিযোগকারীদের পক্ষ থেকে এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে রাজনৈতিক ও সামাজিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়