
দুর্গাপুর, ৫ জুলাই (হি.স.) : সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দুর্গাপুর থেকে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ আশরাফ। তিনি দুর্গাপুরের বেনাচিতি এলাকার মসজিদ মহল্লার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে , নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি শান্তিকুঞ্জ এলাকায় তাঁর উপস্থিতি নিয়েও বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
ওই পোস্ট নজরে আসার পর স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে বিজেপির পক্ষ থেকে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। সোশ্যাল মিডিয়ার পোস্ট ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে মহম্মদ আশরাফকে গ্রেফতার করা হয়। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানায়। আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা