
কলকাতা, ৫ জুলাই (হি.স.): জন্মবার্ষিকীর আগে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি। ভেঙে ফেলা হয়েছে মূর্তির নীচে লাগানো নামফলকও। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার শ্যামপুকুর থানার অন্তর্গত সুকিয়া স্ট্রিটে। বিষয়টি পুলিশে জানানো হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যেরা। তাঁরাই মূর্তিটি বসিয়েছিলেন। আগামীকাল সেটির উদ্বোধন হওয়ার কথা ছিল। তাঁদের অভিযোগ স্থানীয় তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে এ ব্যাপারে প্রতিক্রিয়া মেলেনি। বেদি ভেঙে নামফলক খুলে এলেও আবক্ষ মূর্তিটি অক্ষতই রয়েছে।
ভাঙা হয়েছে গোপাল মুখোপাধ্যায়ের বেদিও। রবিবার সকালে বিষয়টি সামনে আসে। সোমবার (৬ জুলাই) শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে ওই মূর্তির উদ্ধোধনের কথা ছিল। ঘটনায় আর্মহার্স্ট স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এক কর্মী বলেন, সকালে এখানে এসে দেখি মূর্তির টাইলস ও নেমপ্লেটটি ভাঙা। গতকাল সন্ধ্যা ৭টা নাগাদ আমি এখান থেকে চলে গিয়েছিলাম এবং রবিবার সকাল ১০টায় এখানে আসি।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক জানেন, কার জন্য আমরা এখন পশ্চিমবঙ্গে বসবাস করছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমরা আজও বাংলাদেশে বাস করতাম। এ ধরনের ঘটনায় আমরা প্রভাবিত হব না, কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মানুষের হৃদয়ে বিরাজ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ