
কলকাতা, ৫ জুলাই (হি. স.) : সূর্যপুরে ১২ বছরের নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ জানাতে ৬–৭ জুলাই রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে এস ইউ সি আই (কমিউনিস্ট) সমর্থিত ছাত্র ও যুবদের সংগঠন - এআইডিএসও। তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই| সেইসঙ্গে প্রকৃত ঘটনার দ্রুত কিনারা করতে হবে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমার সূর্যপুরে ১২ বছর বয়সি এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনার তীব্র প্রতিবাদ জানাল এআইডিএসও। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় এক বিবৃতিতে বলেন, সূর্যপুরে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সংগঠন। তিনি বলেন, ঘটনার প্রতিবাদে এলাকার সাধারণ মানুষ যে আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে, এআইডিএসও তাতে সংহতি জানাচ্ছে। একই সঙ্গে রাজ্যের সাধারণ মানুষের কাছে এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদকে আরও জোরদার করার আবেদনও জানান তিনি।
বিশ্বজিৎ রায় জানান, সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৬ ও ৭ জুলাই রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
এর পাশাপাশি, নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের প্রতিবাদে গণআন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান তিনি। তাঁর বক্তব্য, আর জি কর আন্দোলনের সময় যেভাবে ছাত্র-যুব সমাজ রাজপথে নেমেছিল, সেই অভিজ্ঞতাকে স্মরণ করে পশ্চিমবঙ্গের ছাত্রসমাজকে আবারও নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত