
ধামতরি, ৫ জুলাই (হি.স.) : টানা মুষলধারে বৃষ্টিতে ছত্তিশগড়ের ধামতরি শহর ও সংলগ্ন গ্রামীণ এলাকায় জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের একাধিক ওয়ার্ডে জল জমে যাওয়ায় নীচু এলাকার শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। অন্যদিকে, গ্রামাঞ্চলে মাঠে জল জমে যাওয়ায় কৃষিকাজও কার্যত থমকে গিয়েছে।
জানা গিয়েছে, পুরনো বাসস্ট্যান্ড এলাকা, আমাপাড়া, লাল বাগিচা, পঞ্চবটি কলোনি, ডিপোপাড়া, বিবেকানন্দ নগর (গলি নম্বর-৩) এবং অটল আবাস কলোনি-সহ একাধিক এলাকায় বৃষ্টির জল জমে রাস্তা ও গলি জলমগ্ন হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষায় একই পরিস্থিতির সৃষ্টি হয়।
সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে বিবেকানন্দ নগরের গলি নম্বর-৩ এলাকায়। সেখানে কাউন্সিলরের বাড়ির সামনেও হাঁটুসমান জল জমে রয়েছে। এলাকায় শতাধিক পরিবার জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। শিশু, প্রবীণ ও মহিলাদের জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে দুর্ঘটনা ও জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। স্থানীয়রা দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
এদিকে, শহর লাগোয়া গ্রামীণ এলাকাগুলিতেও টানা বৃষ্টির প্রভাব স্পষ্ট। মাঠে-ঘাটে জল জমে বিস্তীর্ণ এলাকা যেন জলাশয়ে পরিণত হয়েছে। কৃষকদের বক্তব্য, জমি থেকে অতিরিক্ত জল না নামা পর্যন্ত বীজ বোনা-সহ কৃষিকাজ শুরু করা সম্ভব নয়।
রবিবার কৃষক শোভিত রাম সাহু ও পঞ্চুরাম নিষাদ জানান, অবিরাম বৃষ্টিতে জমিগুলি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। জল নেমে গেলে তবেই বপন-সহ অন্যান্য কৃষিকাজ শুরু করা যাবে। আপাতত সকলেই আবহাওয়া স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য