
মুম্বই, ৫ জুলাই (হি.স.): মুম্বইয়ে ভারী বৃষ্টির জেরে ফের এক মর্মান্তিক দুর্ঘটনা। কুরলা এলাকায় একটি দোকানের ওপর গাছ ভেঙে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাণিজ্যনগরীতে গাছ ভেঙে মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১ টার কিছু আগে কুরলা পশ্চিমের নওপাড়া এলাকার একটি স্কুলের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম ইউনূস কুন্ডাওয়ালা। আচমকাই ভারী বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে একটি গাছ হুড়মুড় করে দোকানের ওপর ভেঙে পড়ে। সেখানেই ছিলেন ওই বৃদ্ধ| উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ