
হাওড়া, ৫ জুলাই (হি. স.):-হাওড়া শহরের ৫০ নম্বর ওয়ার্ডের আমবাগান ও লিচুবাগান-ভট্টনগর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বর্ষা এলেই টানা কয়েক মাস ধরে এলাকার রাস্তাঘাট ও বসতি জলমগ্ন হয়ে পড়ে। বছরের পর বছর এই সমস্যা চললেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।রবিবার বাসিন্দারা দাবি করেন, দীর্ঘ ৩৫ বছরের বাম শাসন এবং পরবর্তী ১৫ বছরের তৃণমূল সরকারের আমলেও জলনিকাশি ব্যবস্থার ঠিক না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন ঘটেনি। ফলে প্রতিবছরই কোমরসমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। জলমগ্ন অবস্থায় ভাঙাচোরা রাস্তা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। পাশাপাশি সাপের উপদ্রবও বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। শিশুদের স্কুলে যাওয়া এবং অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়াও দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ।রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয়রা সমস্যার স্থায়ী সমাধানের আশা করছেন। তাঁদের বক্তব্য, বিগত কয়েক দশকের অবহেলার অবসান ঘটিয়ে দ্রুত আধুনিক জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলা এবং জল জমা থেকে মুক্তি দিতে প্রশাসন উদ্যোগ নেবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়