
কলকাতা, ৫ জুলাই (হি.স.): মেঘলা আকাশ, একইসঙ্গে বৃষ্টিও চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া রয়েছে মনোরম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ৬ জুলাই, সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সপ্তাহভর। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে সোমবার পর্যন্ত। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৭ জুলাই, সোমবার পর্যন্ত বারণ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবারও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মঙ্গল এবং বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। বৃহস্পতিবারে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতেই। মঙ্গলবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ