
হুগলি , ৫ জুলাই (হি.স.): হুগলির ঐতিহ্যবাহী গুপ্তিপাড়া রথযাত্রা উৎসবকে সুষ্ঠু, নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবিবার বৃন্দাবন চন্দ্র মন্দিরের মহারাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার।
মন্ত্রী জানান, মানবিক মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে প্রদত্ত ৫ লক্ষ টাকার অনুদান যথাযথ ও স্বচ্ছভাবে ব্যয় করে উৎসবের সার্বিক আয়োজনকে আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়েছে। রথযাত্রায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সুমনা সরকার বলেন, গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। সকলের সহযোগিতায় এবারের রথযাত্রা আরও সুশৃঙ্খল, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন হবে বলেই তিনি আশাবাদী।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA