খানাকুলে পথ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, আহত আরও এক
আরামবাগ , ৫জুলাই (হি.স.): হুগলির খানাকুলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। রবিবার খানাকুল থানার অন্তর্গত বারাসাত এলাকায় একটি যাত্রিবাহী বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত
খানাকুলে পথ দুর্ঘটনায় মৃত যুবক


আরামবাগ , ৫জুলাই (হি.স.): হুগলির খানাকুলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। রবিবার খানাকুল থানার অন্তর্গত বারাসাত এলাকায় একটি যাত্রিবাহী বাসের সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম সরফরাজ খান (২৪)। তাঁর বাড়ি ঘোষপুর খাঁ পাড়ায়। পেশায় তিনি সোনার কারিগর ছিলেন। কয়েকদিন আগেই কর্মসূত্রে বাইরে থেকে বাড়ি ফিরেছিলেন। রবিবার সকালে বাইকে করে যাওয়ার সময় বারাসাত এলাকায় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন। দ্রুত তাঁকে উদ্ধার করা হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনায় বাইকে থাকা আরও এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

যুবকের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঘোষপুর খাঁপাড়ায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ভেঙে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি কী কারণে এই দুর্ঘটনা ঘটল, বাস ও বাইকের গতিবেগ বা অন্য কোনও কারণ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande