
আরামবাগ , ৫জুলাই (হি.খ.): খানাকুলের হরিশ্চক হাই স্কুলে বড়সড় চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার ঘটনার খবর পেয়ে ছুটির দিনেও স্কুলের প্রধান শিক্ষক সহ অনান্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা ঘটনাস্থলে পৌছে যান। ঘটনাস্থলে যান গ্রামবাসীরাও। সকলেই অবিলম্বে এই চুরির ঘটনার কিনারা করার দাবীতে সরব হয়েছেন।
স্থানীয়দের সন্দেহ,বর্ষার রাতে স্কুলের প্রাচীর টপকে দুস্কৃতীরা ভিতরে ঢুকে স্কুলের একাধিক তালা ও আলমারি ভেঙে এই চুরির ঘটনা ঘটায়। চুরির আগে থেকেই স্কুলের ম্যাপ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারনা ছিল দুস্কৃতীদের বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। এমনকি স্কুলে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে চম্পট দিয়েছে দুকৃতীরা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন,বিদ্যালয়ের একাধিক গেটের তালা ভেঙে চোরার প্রধান শিক্ষকের অফিস,স্কুলের অফিসঘর সহ বিভিন্ন ঘরে ঢুকে অবাধে আলমারি ভেঙে টাকাপয়সা নিয়ে গেছে। স্কুলের থাকা পুরোনো অর্থ ও সম্প্রতি চলতে থাকা রেজিষ্ট্রেশন ফ্রি বাবদ প্রায় ৮০হাজার টাকা খোয়া গেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে চুরির তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন,এই প্রথম নয়,এর আগেও দুবার এই স্কুলে চুরির ঘটনা ঘটেছে,ফলত,স্কুলে নাইট গার্ড ও স্কুল চত্বরে নিরাপত্তা জোরদার করার দাবী তুলেছে তারা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA