
কলকাতা, ৬ জুলাই (হি. স.): ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরে সোমবার নানা শ্রদ্ধাজ্ঞাপন ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, সমাজসেবী এবং এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিন ডা. মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরবর্তীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা তাঁর দূরদর্শী শিক্ষাচিন্তা, গভীর দেশপ্রেম ও জাতীয় সংহতি রক্ষায় অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এর পাশাপাশি, যুগাবতার আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ভাবশিষ্য হিসেবে দেশ ও সমাজের প্রতি তাঁর কর্তব্যবোধের কথাও আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের যৌথ কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে একাধিক সমাজকল্যাণমূলক কর্মসূচিও গ্রহণ করা হয়। অনুষ্ঠানের মঞ্চ থেকে ৩০০ জন দুঃস্থ শিশুর হাতে স্কুল ইউনিফর্ম, ১২৫ জন মহিলার হাতে ঐতিহ্যবাহী লাল পাড় শাড়ি এবং ১২৫ জন যুবকের হাতে ফলের চারা ও সাদা গেঞ্জি তুলে দেওয়া হয়। এর পাশাপাশি, পরিবেশের ভারসাম্য রক্ষায় স্বামী প্রণবানন্দ শান্তি কানন পার্কে ১২৫টি ফলের চারা রোপণ করা হয়।
আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান এই নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামীদিনেও তাঁদের এই ধরনের সমাজকল্যাণমূলক ও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত