
নয়াদিল্লি, ৬ জুলাই (হি. স.): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানালেন শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি তথা বিজেপি-র জাতীয় সমিতির সদস্য ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়।
সোমবার অনির্বানবাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে তাঁর জীবন ও কর্মের এমন কয়েকটি দিকের পুনর্পাঠ, যা তাঁকে একজন শিক্ষাবিদ, দক্ষ প্রশাসক, কেন্দ্রীয় মন্ত্রী, দার্শনিক, সাহিত্যিক এবং ভগবান বুদ্ধের ভাবধারার এক বিশিষ্ট ধারক হিসেবে যেমন প্রতিষ্ঠিত করে, তেমনি শ্রীঅরবিন্দের অন্যতম রাজনৈতিক উত্তরসূরী হিসেবেও তাঁর ঐতিহাসিক অবস্থানকে স্পষ্ট করে। ১২৫তম জন্মজয়ন্তীতে এই তাঁর পবিত্র চরণে জানাই শতকোটি প্রণাম।”
অনির্বানবাবু লিখেছেন, “ইতিহাসের পাতায় এমন কিছু সম্পর্ক আছে, যা কেবল রাজনৈতিক নয়— মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত।
কবি কাজী নজরুল ইসলাম যখন জীবনের কঠিনতম সংকটের মুখোমুখি, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে নজরুল যে চিঠিটি লিখেছিলেন, তা শুধু ধন্যবাদজ্ঞাপন নয়— এক মহান ব্যক্তিত্বের প্রতি আরেক মহান ব্যক্তিত্বের অকপট শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার দলিল।”
এ ব্যাপারে একটি ভিডিও পরিবেশন করে লিখেছেন, তাতে তুলে ধরেছি সেই ঐতিহাসিক চিঠি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত