
মেদিনীপুর, ৬ জুলাই (হি. স.) : ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও তিন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। আনন্দপুর থানার বুড়াপাট পাঁচখুরি এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মৃত বিজেপি কর্মীর নাম পাপাই পান (২৬)। তিনি কেশপুর তিন নম্বর মণ্ডলের বিজেপি নেতা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে বুড়াপাট পাঁচখুরি এলাকায় দলীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় আচমকাই লোহার ফ্ল্যাগপোলটি (পতাকার খুঁটি) বিদ্যুতের হাইভোল্টেজ লাইনের সংস্পর্শে চলে আসে। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন চারজন।
আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পাপাই পান-কে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন আহত বিজেপি কর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার খবর পেয়েই আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি