
হায়দরাবাদ, ৬ জুলাই (হি.স.): এসআইআর-এর মেয়াদ আরও এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)| তাদের এক প্রতিনিধি দল সোমবার তেলেঙ্গানার মুখ্য নির্বাচনী আধিকারিক সি. সুদর্শন রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করে এসআইআর-এর মেয়াদ আরও এক মাস বাড়ানোর দাবি জানিয়েছে। বিআরএস-এর প্রতিনিধি দল এসআইআর-এর কাজে বিভিন্ন অসুবিধা এবং যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কার কথা উল্লেখ করে স্মারকলিপিও জমা দিয়েছে।
প্রাক্তন সাংসদ বি. বিনোদ কুমার এবং বিধান পরিষদের সদস্য এল. রমনের নেতৃত্বে এই প্রতিনিধি দল তেলেঙ্গানার মুখ্য নির্বাচনী আধিকারিক সি. সুদর্শন রেড্ডির সঙ্গে দেখা করে| বি. বিনোদ কুমার সাংবাদিকদের জানান, বিআরএস এসআইআর প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে, যা বিএলএ এবং বিএলও-র সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করছে।
বি. বিনোদ কুমার দাবি করেন, এসআইআর প্রক্রিয়া শেষ হতে আর মাত্র ২০ দিন বাকি| কিন্তু এখনও বিপুল সংখ্যক যোগ্য ভোটারকে এনিউমারেশন ফর্ম দেওয়া হয়নি। বিআরএস-এর তথ্য অনুযায়ী, রাজ্যের ৩.৩৮ কোটি নথিভুক্ত ভোটারের মধ্যে প্রায় ২.৯৬ কোটি মানুষের কাছে এই ফর্ম পৌঁছেছে| বিআরএস অভিযোগ করেছে, ২০০২ সালের ভোটার তালিকা সহজে পাওয়া যাচ্ছে না। তাদের বক্তব্য, বেশিরভাগ জায়গায় ভোটারদের এপিক নম্বর নথিভুক্ত নেই, যার ফলে যাচাইকরণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই সমস্যাগুলির সমাধানের জন্য এসআইআর-এর মেয়াদ যাতে এক মাস বাড়ানো হয়, বিআরএস নির্বাচন কমিশনের কাছে সেই অনুরোধ জানিয়েছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ