
পূর্ব মেদিনীপুর, ৬ জুলাই (হি.স.): সপ্তাহান্তে শনি ও রবিবার এবং সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটিতে দিঘায় উপচে পড়েছে পর্যটকদের ভিড়। বর্ষার জলোচ্ছ্বাসের টানে হাজার হাজার মানুষ সৈকত শহরে ভিড় জমালেও নিরাপত্তার স্বার্থে সমুদ্রে নামার ওপর জারি করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। জানা গেছে, পর্যটকদের সচেতন ও সতর্ক করতে সৈকত জুড়ে দিঘা থানা ও দিঘা মোহনা কোস্টাল থানার তরফে মাইকিং করার পাশাপাশি স্নানের ঘাটগুলিকে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যাতে পর্যটকেরা সমুদ্রে নামতে না পারে। শনিবার থেকে নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্রের ঢেউ দিঘা, শঙ্করপুর, তাজপুরে গার্ডওয়াল টপকে মেরিন ড্রাইভে উঠে আসছে।
দিঘা–শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের তরফে জানা গেছে, নিম্নচাপের জেরে বৃষ্টিতে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখতে প্রচুর পর্যটক এসেছেন। রথযাত্রা পর্যন্ত সমস্ত হোটেলেই বুকিং ভালো রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ