দুর্গাপুরে প্রশাসনের নাকের ডগায় দিনদুপুরে চুরি, উদ্বিগ্ন শহরবাসী
দুর্গাপুর, ৬ জুলাই (হি. স.) : দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের ঢিলছোড়া দূরত্বে ভরদুপুরে চুরির ঘটনা ঘটল। আর সেই চুরির সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। শিল্পশহরে একের পর এক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা।
দুর্গাপুরে প্রশাসনের নাকের ডগায় দিনদুপুরে চুরি, উদ্বিগ্ন শহরবাসী


দুর্গাপুর, ৬ জুলাই (হি. স.) : দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের ঢিলছোড়া দূরত্বে ভরদুপুরে চুরির ঘটনা ঘটল। আর সেই চুরির সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। শিল্পশহরে একের পর এক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই চুরির ঘটনাকে ঘিরে একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে চরম উদ্বেগে রয়েছেন শহরবাসী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় বর্তমানে একটি ঠিকাদার সংস্থার রাস্তা নির্মাণের কাজ চলছে। সেই কাজের সুবিধার্থেই সিটি সেন্টারের ক্ষুদিরাম সরণিতে মহকুমা শাসক ভবন সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প বা স্টোর রুম তৈরি করা হয়েছে। সেখানে শ্রমিকদের থাকার পাশাপাশি নির্মাণকাজের বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ও সামগ্রী মজুত রাখা হয়। অভিযোগ, গত কয়েকদিনের বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় শ্রমিকরা সাময়িকভাবে ছুটিতে গিয়েছিলেন। সেই সুযোগে রবিবার দিনদুপুরে, শ্রমিকদের অনুপস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ওই ক্যাম্পে হানা দেয় এবং বেশ কিছু মূল্যবান সামগ্রী হাতিয়ে চম্পট দেয়।

ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের চুরির ছবি ধরা পড়েছে। ঠিকাদার সংস্থার মালিক সুমন মুখোপাধ্যায় জানান, এর আগেও এই এলাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটেছে। এদিন দুপুরে স্টোর রুমের বেড়া ভেঙে ভেতরের পাম্প মেশিন, ঢালাইয়ের কাজে ব্যবহৃত ভাইব্রেটর মেশিন এবং বেশ কিছু রড চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

উল্লেখ্য, এর আগে গত ১ জুন ওই একই এলাকায় একটি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। এরপর ১ জুলাই ওই এলাকা থেকেই কিছু লোহার খুঁটি চুরি যায়। সেই রেশ কাটতে না কাটতেই আবার এই চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande