আগরতলায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন
দূরদর্শী রাষ্ট্রনায়কের কর্মধারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখতে হবে : মুখ্যমন্ত্রী
ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ৬ জুলাই (হি.স.) : ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার আগরতলা টাউন হলে তাঁর মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর এবং আগরতলা পুর নিগমের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন দক্ষ, দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তাঁর আদর্শ, চিন্তাধারা এবং কর্মধারা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং তা ধরে রাখা অত্যন্ত প্রয়োজন।

অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভূমিপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এক সময় দেশের মানুষকে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও দর্শন সম্পর্কে যথাযথভাবে জানার সুযোগ দেওয়া হয়নি। তাঁর দাবি, ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই দুই মনীষীর অবদান নতুন করে দেশের সামনে তুলে ধরা হয়েছে এবং তাঁদের আদর্শ সম্পর্কে সাধারণ মানুষ জানতে পেরেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি যে জাতীয়তাবাদী ভাবনার বীজ রোপণ করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তা বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে চলেছেন। তাঁর কথায়, ডঃ মুখার্জির জীবনগাথা কেবল একজন ব্যক্তির জীবনী নয়, বরং দেশের স্বাধীনতোত্তর সংগ্রাম, জাতীয় সংহতি এবং অখণ্ডতা রক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সংসদীয় গণতন্ত্রে শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দলের গুরুত্ব সম্পর্কে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সুস্পষ্ট মত প্রকাশ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, গণতন্ত্রকে সুদৃঢ় করতে এমন বিরোধী দলের প্রয়োজন, যারা সরকারের প্রতিটি ভুলকে যুক্তিসঙ্গতভাবে প্রশ্ন করবে এবং জনস্বার্থে গঠনমূলক সমালোচনা করবে।

এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলগুলির ভূমিকা নিয়েও মন্তব্য করেন। তাঁর অভিযোগ, বর্তমানে বিরোধী রাজনীতিতে গঠনমূলক চিন্তার পরিবর্তে নেতিবাচক মনোভাব বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, লোকসভা, রাজ্যসভা কিংবা বিধানসভা—সব ক্ষেত্রেই বিরোধীদের উচিত ইতিবাচক ও জনমুখী চিন্তাধারার ভিত্তিতে নিজেদের বক্তব্য তুলে ধরা। গণতন্ত্রের স্বার্থে সরকার ও বিরোধী—উভয় পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগরতলা টাউন হলে স্থাপিত হতে চলা এই মূর্তি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ডঃ মুখার্জির আদর্শ ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande