
হাড়োয়া (উত্তর ২৪ পরগনা), ৬ জুলাই (হি. স.) : লিজের বকেয়া অর্থ প্রদানের দাবিতে সোমবার উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত মাজমপুর এলাকায় বিক্ষোভে সামিল হন একাধিক পাট্টাধারী। সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে হাড়োয়া থানার পুলিশ।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লিজের প্রাপ্য অর্থ তাঁদের হাতে পৌঁছায়নি। পরে পাট্টাধারীরা সংশ্লিষ্ট ভেড়ির মালিকের সঙ্গে কথা বলেন। তাঁদের দাবি, ভেড়ির মালিক জানান যে তিনি প্রাপ্য অর্থ ইতিমধ্যেই পরিশোধ করেছেন। তবে পাট্টাধারীদের অভিযোগ, সেই টাকা এখনও তাঁদের হাতে পৌঁছায়নি।এরপর আইএসএফ নেতৃত্বদের সঙ্গে নিয়ে বিক্ষোভকারীরা হাড়োয়া থানায় একটি ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনে অবিলম্বে সমস্ত পাট্টাধারীর প্রাপ্য লিজের অর্থ প্রদান নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়।আইএসএফ নেতৃত্বের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে পাট্টাধারীদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিক। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়