ঝুমুর শিল্পী রজনী পাত্র মাহাতোর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, দোষীদের শাস্তির দাবিতে ঝাড়গ্রামে শিল্পীদের বিক্ষোভ মিছিল
ঝাড়গ্রাম, ৬ জুলাই (হি. স.) : প্রসূতি ঝুমুর শিল্পী রজনী পাত্র মাহাতোর মৃত্যুর চার দিন পেরিয়ে গেলেও ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবার রাস্তায় নামলেন জেলার ঝুমুর শিল্পীরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস
ঝুমুর শিল্পী রজনী পাত্র মাহাতোর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, দোষীদের শাস্তির দাবিতে ঝাড়গ্রামে শিল্পীদের বিক্ষোভ মিছিল


ঝাড়গ্রাম, ৬ জুলাই (হি. স.) : প্রসূতি ঝুমুর শিল্পী রজনী পাত্র মাহাতোর মৃত্যুর চার দিন পেরিয়ে গেলেও ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবার রাস্তায় নামলেন জেলার ঝুমুর শিল্পীরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার ঝাড়গ্রাম শহরে একটি বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এদিন ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে জেলার বিভিন্ন প্রান্তের ঝুমুর শিল্পীরা একত্রিত হন। সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন তাঁরা। আন্দোলনকারী শিল্পীদের অভিযোগ, রজনী পাত্র মাহাতোর মৃত্যুর চার দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে শিল্পী মহল তথা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের পারদ চড়ছে।

প্রতিবাদী শিল্পীদের দাবি, গোটা ঘটনার উচ্চপর্যায়ের ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। একজন জনপ্রিয় ঝুমুর শিল্পীর এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুর ঘটনায় প্রশাসনের আরও অনেক বেশি তৎপর হওয়া উচিত ছিল বলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।

পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ ঝাড়গ্রামের রঘুনাথপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে রজনী পাত্র মাহাতো একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর থেকেই তিনি তীব্র পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকেন। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসকদের বারবার এই গুরুতর অবস্থার কথা জানানো সত্ত্বেও প্রয়োজনীয় চিকিৎসা বা কোনও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি। চরম গাফিলতির জেরে পরবর্তীতে শুক্রবার ভোররাত ৩টে নাগাদ তাঁর মৃত্যু হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট নার্সিংহোম ও চিকিৎসকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার দ্রুত বিচার চেয়ে ঝুমুর শিল্পীরা একযোগে স্লোগান তোলেন— “রজনী পাত্র মাহাতোর মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চাই, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande