
কলকাতা, ৬ জুলাই (হি. স.) : সূর্যপুরের ঘটনাকে কেন্দ্র করে এবার আসরে নামল তৃণমূল কংগ্রেস। সোমবার এই প্রেক্ষিতেই কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল দাবি করেন, সূর্যপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে দলের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল। তাঁর সঙ্গে ছিলেন দোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক দলীয় নেতা। সেখানে পুলিশ প্রশাসনের তরফে তাঁদের বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
এই ঘটনায় প্রতিমা মণ্ডলের বক্তব্য, ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নিজে দোলা সেনের ফোনে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছেন। প্রশাসনিক ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী নিজে আগে সেখানে যেতে না পারলেও দলের পক্ষ থেকে দ্রুত প্রতিনিধি দল পাঠানো হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনাটিকে কেন্দ্র করে কিছু মহল সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর চেষ্টা করছে। তৃণমূলের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তারা সবসময় শান্তি ও সম্প্রীতির পক্ষে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে।
অন্যদিকে, বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিমা মণ্ডল বলেন, প্রশাসনের ভূমিকা নিয়ে যেন কোনো বিভ্রান্তি না ছড়ানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আগামীদিনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত