
মহিষাদল (পূর্ব মেদিনীপুর), ৬ জুলাই (হি. স.):-পূর্ব মেদিনীপুরের মহিষাদলে যৌন নিগ্রহের শিকার সাড়ে তিন বছরের শিশুকন্যার পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার ও জেলা প্রশাসন। সোমবার নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের হাতে মোট ৯ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন প্রশাসনের আধিকারিকরা। এর মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ লক্ষ টাকা প্রদান করা হয়।গত ২৩ জুন মহিষাদলের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁকুড়দায় সাড়ে তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে স্থানীয় বাসিন্দা শেখ মফিজুলকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে।এদিন নির্যাতিতার বাড়িতে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা, হলদিয়ার মহকুমাশাসক সুরভি সিংলা, মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।জেলাশাসক নিরঞ্জন কুমার জানান, শিশুটির চিকিৎসা ও ভবিষ্যতের কথা বিবেচনা করেই এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং আগামী দিনেও প্রশাসন পরিবারের পাশে থাকবে। পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে কঠোরতম শাস্তি নিশ্চিত করার চেষ্টা চলছে।ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস জানান, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও পরিবারটিকে প্রতি মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়