
শিলিগুড়ি, ৬ জুলাই (হি. স.):-অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও শিল্পচর্চা থামিয়ে রাখেননি শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা ও ভাস্কর স্বপন কুমার খাঁ। দীর্ঘদিন ধরে নিজের সঞ্চয়ের অর্থ দিয়ে একের পর এক ভাস্কর্য নির্মাণ করে চলেছেন তিনি। বর্তমানে ফাইবার গ্লাসে জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি তৈরি করছেন। তাঁর ইচ্ছা, মূর্তিটি বিক্রি না করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে স্মারক হিসেবে তুলে দেবেন।ছোটবেলা থেকেই শিল্পকলার প্রতি আগ্রহী স্বপনবাবু আর্ট কলেজে পড়াশোনা শেষ করে গত দুই দশকেরও বেশি সময় ধরে ভাস্কর্য নির্মাণের কাজ করছেন। বিশেষ করে ফাইবার গ্লাসের বাস্তবধর্মী মূর্তি তৈরিতে তিনি পরিচিতি লাভ করেছেন। এর আগে তিনি নিজের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফাইবার গ্লাসের মূর্তি তৈরি করে ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জির মাধ্যমে উপহার দিয়েছিলেন।প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে তৈরি হওয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির অধিকাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। স্বপন কুমার খাঁ জানান, শিল্পের প্রতি ভালোবাসা থেকেই তিনি এই কাজ করেন। তাঁর আশা, একজন শিল্পীর শ্রম ও অনুভূতির মূল্যায়ন হবে। পাশাপাশি ভাস্কর ও মৃৎশিল্পীদের জন্য সরকারি স্তরে আরও সুযোগ-সুবিধা ও সহায়তা বৃদ্ধিরও দাবি জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়