বারুইপুরে ছাত্রীকে ধর্ষণ ও খুন: নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন তরুণ নস্কর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
কলকাতা, ৬ জুলাই (হি. স.): বারুইপুর মহকুমার সূর্যপুরে ১১ বছরের এক স্কুলছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সোমবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রাক্তন বিধায়ক তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তরুণ নস্কর। মূলত তাঁর নেতৃত্বেই দলে
বারুইপুরে ছাত্রীকে ধর্ষণ ও খুন: নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন তরুণ নস্কর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন


কলকাতা, ৬ জুলাই (হি. স.): বারুইপুর মহকুমার সূর্যপুরে ১১ বছরের এক স্কুলছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সোমবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রাক্তন বিধায়ক তথা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তরুণ নস্কর। মূলত তাঁর নেতৃত্বেই দলের একটি প্রতিনিধি দল নিহত ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তরুণ নস্কর অভিযোগ করেন, নাবালিকা নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর পুলিশ যদি প্রথম থেকেই দ্রুত ও সক্রিয় ভূমিকা পালন করত, তাহলে হয়তো ছাত্রীটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হতো। সেইসঙ্গে তিনি আরও দাবি করেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে প্রথমে কয়েকজনকে আটক করা হলেও, রাজনৈতিক চাপে অতি অল্প সময়ের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য এ দিন এই অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এদিন তরুণ নস্কর অবিলম্বে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর পাশাপাশি, এই মর্মান্তিক ঘটনাকে কোনওভাবে সাম্প্রদায়িক রং না দিয়ে দল-মত-ধর্ম নির্বিশেষে সুবিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

জানা গিয়েছে, এ দিন বিকেলেই বারুইপুর থানায় একটি স্মারকলিপি জমা দিয়েছে এসইউসিআই (সি)। পাশাপাশি, দলীয় রাজ্য কমিটির আহ্বানে এই ঘটনার সুবিচারের দাবিতে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা শহরেও ধিক্কার বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande