
হুগলি, ৬ জুলাই (হি.স.): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কোন্নগরের ঋষি অরবিন্দ ময়দানে একটি দিন-রাত্রির ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো। উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত এই টুর্নামেন্টের সূচনা হয় গেরুয়া বেলুন উড়িয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বেরিয়ে এসে খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। সুস্থ শরীর ও সুস্থ মন গঠনে ফুটবলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলার ফুটবলের গৌরবময় ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের মধ্যে সেই উদ্দীপনা পৌঁছে দিতে এই ধরনের টুর্নামেন্টের বিশেষ প্রয়োজন রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দিন-রাত্রির ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের মঞ্চ করে দেওয়া এবং যুবসমাজকে মাঠমুখী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
টুর্নামেন্টকে ঘিরে কোন্নগরের ঋষি অরবিন্দ ময়দানে রীতিমতো উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রথম দিন থেকেই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA