
কলকাতা, ৬ জুলাই (হি. স.): রাজ্য জুড়েই আজকের এই বিশেষ দিনটিতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ভারত কেশরী, পশ্চিমবঙ্গের প্রখ্যাত রাষ্ট্রনায়ক ও শিক্ষাবিদ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত হলো। এই উপলক্ষে কলকাতা পুরনিগমের সদর দফতর তথা কেন্দ্রীয় ভবনের মূল হেরিটেজ ভবনের দোতলায় কাউন্সিলরস ক্লাব রুমে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়, মন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক বিজয় ওঝা এবং রীতেশ তিওয়ারি। এর পাশাপাশি কলকাতা পুরনিগমের প্রশাসক ও মিউনিসিপ্যাল কমিশনার শ্রীমতী স্মিতা পাণ্ডে, স্পেশাল মিউনিসিপ্যাল কমিশনার শ্রী সৌম্য ভট্টাচার্য এবং পুর সচিব কিশোর কুমার বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ড. মুখোপাধ্যায়কে একজন বিশিষ্ট শিক্ষাবিদ, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে স্মরণ করেন। জাতীয় ঐক্য, শিক্ষার প্রসার এবং প্রশাসনিক চিন্তাধারায় তাঁর অসামান্য অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করা হয়। সেইসঙ্গে তাঁর আদর্শ ও কর্মধারা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে অভিমত প্রকাশ করেছেন উপস্থিত বিশিষ্টজনেরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত