
কলকাতা, ৬ জুলাই (হি স)। বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে তাঁদেরই বিচারধারার ওপর ভিত্তি করে পরিচালিত হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে সোমবার ৬ নম্বর মুরলীধর সেন লেনের অনুষ্ঠান থেকে এই অঙ্গীকারই করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করে বলেন, ৩৪ বছরের বাম আমল এবং ১৫ বছরের তৃণমূল জমানায় এই মহামানবের যে আত্মত্যাগ ও অবদানকে ভুলিয়ে রাখার চেষ্টা হয়েছিল, তা পুনরায় ফিরিয়ে এনে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাঁর সরকারের মূল লক্ষ্য।
মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদের এই ১২৫তম জন্মবর্ষকে স্বর্ণাক্ষরে লিখে রাখতে সোমবার বিকেল ৩টের সময় একযোগে রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভাগুলিতে সরকারি ও বেসরকারি স্তরে এই কর্মসূচি পালিত হচ্ছে। তবে মূল আয়োজনটি থাকছে কলকাতায়।
নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তির ‘ভূমিপূজন’ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। এর পর মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত