
দক্ষিণ ২৪ পরগনা, ৬ জুলাই (হি.স.): বারুইপুরে নির্যাতিতা ও নিহত নাবালিকার বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধি দল| সোমবার দুপুরে ওই নাবালিকার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে যায় তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন দোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। পুরো ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মানুষ। এমন পরিস্থিতিতে স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানানো হচ্ছে প্রশাসনের তরফে।
এদিন বারুইপুরে উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন দোলা সেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ব্যারিকেড নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। বলেন, 'আমরা রোজ এখানে আসি, তেমনই এসেছি। পার্টি অফিসে এসেছি, সে নিয়ে কী জবাব দেব। সুপার ইমার্জেন্সি চলছে কালীঘাটে, ভাল তো। ভয় নাকি চলে গেছে, ভরসা এসে গেছে, তার প্রমাণ তো দেখছেন। একজন নেত্রী তিনি বারুইপুর যাবেন হয়তো। বলেছেন, বারুইপুর যেতে পারেন, ব্যাস হয়ে গেল সুপার ইমার্জেন্সি। রুট মার্চ হয়েছে এখানে রাতে। জরুরি অবস্থা আমরা দেখতে পাইনি, এখন দেখে নিচ্ছি।'
উল্লেখ্য, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। রবিবার সকালে মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বারুইপুর। দেহ আটকে বিক্ষোভ, এক অভিযুক্তকে গণপিটুনি, উত্তেজিত জনতাকে সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশ। সোমবারও উত্তেজনা রয়েছে এলাকায়|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ