
নদিয়া, ৬ জুলাই (হি.স.): সোমবার রেল লাইনের মাঝে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। এদিন সকালে কল্যাণী এ ব্লক বাজার এলাকার ঘটনা। ওই এলাকায় কল্যাণী স্টেশন থেকে সীমান্ত যাওয়ার রেল লাইন রয়েছে। সেখানেই ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কল্যাণী জিআরপি। তারা দেহ উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রেল লাইনের মাঝে ওই ব্যক্তির দেহ মুখ থুবরে পড়েছিল। এ ছাড়াও, রেল লাইনের ধারের রাস্তা থেকে একটি স্কুটি উদ্ধার করেছেন তদন্তকারীরা। স্কুটিতেও রক্তের দাগ লেগেছিল বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তিকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত