
আরামবাগ, ৬ জুলাই (হি.স.): আরামবাগের চাঁদুর ফরেস্টে নৃশংসভাবে খুন হওয়া মনসারাম বাগের হত্যাকাণ্ডের তদন্তে নতুন গতি আনতে উদ্যোগী হয়েছে পুলিশ। সম্প্রতি আরামবাগ থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুমিত তালুকদার। দায়িত্ব নেওয়ার পর থেকেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগোচ্ছে পুলিশ প্রশাসন।
গত জুন মাসে চাঁদুর ফরেস্ট থেকে স্থানীয় বাসিন্দা মনসারাম বাগের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায়, তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং একটি হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় নিখোঁজ ছিল। পরবর্তীতে চণ্ডীতলা এলাকা থেকে সেই কাটা কব্জিটি উদ্ধার করে পুলিশ, যা ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই সূত্রটি পাওয়ার পর ঘটনার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন আইসি সুমিত তালুকদারের নেতৃত্বে তদন্তকারী দল ঘটনাটির প্রতিটি দিক অত্যন্ত সূক্ষ্মভাবে খতিয়ে দেখছে। ফরেন্সিক রিপোর্ট, প্রযুক্তিগত তথ্য (ট্যাকনিক্যাল ডাটা) এবং সম্ভাব্য সাক্ষীদের বয়ান বিশ্লেষণ করে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তদন্তকারীদের মূল লক্ষ্য, দ্রুত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, চাঁদুর ফরেস্টে পর্যাপ্ত নজরদারির অভাব রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়ার পাশাপাশি ওই এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় মানুষের একটাই দাবি—মনসারাম বাগ হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। নতুন আইসির নেতৃত্বে তদন্তে গতি আসায় সেই প্রত্যাশা ও ভরসা আরও জোরালো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA